খবরবাংলা ডেস্ক :
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে ফ্রান্সের। ম্যাচ শেষে দলের কৌশলগত ও টেকনিক্যাল ব্যর্থতার কথা স্বীকার করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের পর ফরাসি সম্প্রচারমাধ্যম এম-৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ম্যাচ পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি ফ্রান্স।
তিনি বলেন, “আমরা যেভাবে ম্যাচটি খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। কৌশলগত, টেকনিক্যাল এবং সামগ্রিক পারফরম্যান্স—সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম।”
এমবাপ্পে জানান, স্পেনকে চাপে রাখতে শুরু থেকেই হাই প্রেসিং করার পরিকল্পনা ছিল তাদের। তবে সেই পরিকল্পনা সফল হয়নি।
তার ভাষায়, “আমাদের লক্ষ্য ছিল স্পেনকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। কিন্তু তারা বল দখলে আমাদের চেয়ে ভালো ছিল এবং আমরা তাদের পরিকল্পনা ভাঙতে পারিনি।”
মাঝমাঠের লড়াইয়েই পিছিয়ে ফ্রান্স ফরাসি অধিনায়কের মতে, ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে মাঝমাঠ। স্পেনের রদ্রি, দানি ওলমো ও ফাবিয়ান রুইজের বিপক্ষে বারবার সংখ্যাগতভাবে পিছিয়ে পড়েছিল ফ্রান্স।
তিনি বলেন, “মাঝমাঠে আমরা বারবার ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। স্পেনের মতো দলের বিপক্ষে এটি বড় সমস্যা। শেষ পর্যন্ত সেই কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে।”
হতাশা থাকলেও ঘুরে দাঁড়ানোর বার্তা টুর্নামেন্টজুড়ে আট গোল করে ফ্রান্সকে সেমিফাইনালে তুলেছিলেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি।
হারের হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ফাইনালে ওঠা ছিল আমাদের লক্ষ্য। দেশকে নতুন স্বপ্ন দেখাতে চেয়েছিলাম। কিন্তু এখন বাস্তবতা মেনে নিতে হবে।”
তিনি আরও বলেন, “জয়ের মতো হারেও মাথা উঁচু রাখতে হয়। এখন কিছুটা বিশ্রাম নিয়ে নতুন মৌসুমের জন্য প্রস্তুত হতে হবে। ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আবার শুরু করতে হবে।”
তথ্য সূত্র : যমুনা টিভি











