খবরবাংলা ডেস্ক :
৩৯ দিনের উত্তেজনা, ১০৪ ম্যাচের দীর্ঘ যাত্রা শেষে ফিফা বিশ্বকাপ ২০২৬ পৌঁছে গেছে শেষ অধ্যায়ে। ৪৮ দলের লড়াই শেষে শিরোপার জন্য এখন মুখোমুখি কেবল দুই দল—বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে মুখোমুখি হবেন দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল।
তবে ম্যাচের আগে কানাডার দাবানলের ধোঁয়া এবং বজ্রঝড় ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ। চলতি সপ্তাহে দাবানলের ধোঁয়ায় নিউজার্সি ও নিউইয়র্কের আকাশ ধূসর হয়ে পড়ে এবং বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসন এয়ার কোয়ালিটি অ্যালার্ট জারি করেছিল।
এর মধ্যে ফাইনালের আগের দিন প্রবল বজ্রঝড়ের কারণে স্পেনের শেষ অনুশীলন বাতিল করা হয়। বজ্রপাতের ঝুঁকিতে খেলোয়াড়দের ইনডোরে প্রস্তুতি নিতে হয়। অন্যদিকে, আর্জেন্টিনা দলও নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর ভেজা মাঠে অনুশীলন সম্পন্ন করে।
তবে শনিবারের ঝড়ই শেষ পর্যন্ত স্বস্তি এনে দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঝড়ের সঙ্গে দাবানলের ধোঁয়ার বড় অংশ সরে গেছে। ফলে নিউজার্সির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘সহনীয়’ পর্যায়ে নেমে এসেছে।
সিনিয়র আবহাওয়াবিদ টাইলার রয়েস জানিয়েছেন, ফাইনালের সময় আকাশে সামান্য ধোঁয়াটে ভাব থাকতে পারে, তবে তা ম্যাচে কোনো বড় প্রভাব ফেলবে না। ঘন ধোঁয়ার পরিস্থিতিও আর নেই।
ফিফা জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে থাকবে হালকা বাতাস এবং তুলনামূলক কম আর্দ্রতা।
সব মিলিয়ে আবহাওয়ার শঙ্কা অনেকটাই কেটে যাওয়ায় জমজমাট এক বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











