খবরবাংলা ডেস্ক :
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান অংশের একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার নতুন প্রস্তাবও দিয়েছে তেহরান। এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওমান প্রস্তাব দিয়েছিল হরমুজ প্রণালির নৌপথ দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তবে ইরান সেই প্রস্তাব গ্রহণ করেনি।
তার ভাষ্য অনুযায়ী, ওমানের প্রস্তাবে হরমুজ প্রণালির জাহাজ চলাচলের পথের ৫০ শতাংশ ইরানের আঞ্চলিক জলসীমা এবং বাকি ৫০ শতাংশ ওমানের জলসীমায় রাখার কথা বলা হয়েছিল। এ ব্যবস্থায় জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে বের হওয়ার পরিকল্পনা ছিল।
তবে ইরান পাল্টা প্রস্তাবে জানিয়েছে, হরমুজ প্রণালির ট্রানজিট রুটের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে রাখতে হবে।
কাজেম ঘারিবাবাদি আরও বলেন, ওমান যদি এই প্রস্তাবে সম্মত না হয়, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ নৌপথ নিয়ে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











