খবরবাংলা ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও অপর এক আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, তথ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুকভিত্তিক টক শোতে খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। অভিযোগে বলা হয়, ওই বক্তব্যের মাধ্যমে অসত্য তথ্য প্রচার করে তাদের মানহানি করা হয়েছে এবং তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। একই সঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি টক শোর উপস্থাপক, চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার বাসিন্দা মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে সরিষাবাড়ী আমলি আদালতের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তিনি আরও জানান, সর্বশেষ আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেও তারা আদালতে আত্মসমর্পণ না করলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











