খবরবাংলা ডেস্ক :
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন মাইলফলক স্পর্শ করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘কুয়েন ৩.৮ ম্যাক্স’ উন্মোচন করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) আলিবাবা নতুন এই মডেল প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, আগের সংস্করণগুলোর তুলনায় এটি আরও দ্রুত, আরও দক্ষ এবং বড় পরিসরের তথ্য বিশ্লেষণে সক্ষম।
আলিবাবার তথ্য অনুযায়ী, কুয়েন ৩.৮ ম্যাক্স-এ রয়েছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন প্যারামিটার। প্যারামিটার হলো এমন উপাদান, যার মাধ্যমে একটি এআই মডেল তথ্য বুঝতে, বিশ্লেষণ করতে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে শেখে।
নতুন মডেলটি লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে। পাশাপাশি এটি একসঙ্গে ১০ লাখ টোকেন পর্যন্ত তথ্য প্রক্রিয়াজাত করতে সক্ষম। ফলে দীর্ঘ আইনি নথি, বড় সফটওয়্যার কোড বা শত শত পৃষ্ঠার ডকুমেন্ট সহজেই বিশ্লেষণ করা সম্ভব।
মডেলটিতে মিক্সচার অব এক্সপার্টস (Mixture of Experts) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে পুরো মডেল একসঙ্গে সক্রিয় না হয়ে প্রয়োজনীয় অংশগুলোই কাজ করে। ফলে কম কম্পিউটিং ব্যয়ে দ্রুত ফলাফল পাওয়া যায়। একবারে মাত্র ৯৫ বিলিয়ন প্যারামিটার ব্যবহার করেই এটি কার্যক্রম সম্পন্ন করতে পারে।
আলিবাবার দাবি, কুয়েন ৩.৮ ম্যাক্স একটি সফটওয়্যার প্রকৌশল প্রকল্প মাত্র ১৬ দিনে সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
এআই মডেলের তুলনামূলক মূল্যায়ন প্ল্যাটফর্ম Arena AI-এ প্রকাশের পর এটি চীনের সর্বোচ্চ রেটিং পাওয়া টেক্সটভিত্তিক এআই মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছবি বিশ্লেষণের ক্ষেত্রেও এটি বিশ্বের দ্বিতীয় সেরা অবস্থানে রয়েছে। তবে বৈশ্বিক তালিকায় এখনো শীর্ষে রয়েছে অ্যানথ্রপিকের Claude Fable 5।
আলিবাবা জানিয়েছে, আগামী সপ্তাহে Alibaba Cloud Model Studio প্ল্যাটফর্মের মাধ্যমে কুয়েন ৩.৮ ম্যাক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











