খবরবাংলা ডেস্ক :
কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, অননুমোদিত অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা প্রণয়নের দাবিতে সরকারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ওপর থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলা হয়, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণভাবে প্যারাসেইলিং পরিচালনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে এবং এ ক্ষেত্রে প্রশাসনের তদারকির ঘাটতি স্পষ্ট।
এতে অভিযোগ করা হয়, কক্সবাজারের বিভিন্ন স্থানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর ও মানসম্মত যন্ত্রপাতি ছাড়া প্যারাসেইলিং পরিচালিত হচ্ছে। অতীতে একাধিক দুর্ঘটনা ঘটলেও কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়নি।
লিগ্যাল নোটিশে আট দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—
- কক্সবাজারে পরিচালিত সব ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
- সংশ্লিষ্ট অপারেটরদের লাইসেন্স, অনুমোদন ও নিরাপত্তা মান যাচাই।
- সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন।
- দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
- ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে আরও কার্যকর তদারকি নিশ্চিত করা।
- নিহত পর্যটকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।
- দরিয়ানগরের ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা জনসম্মুখে প্রকাশ করা।
- ভবিষ্যতে প্যারাসেইলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











