খবরবাংলা ডেস্ক :
বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে নতুন ঋণ প্রকল্পটির কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিল ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে। দেশের সব ব্যাংককে এ প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালু হতে পারে।
নতুন এই ঋণ কর্মসূচিতে বিশেষভাবে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যবসা কিংবা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থান তৈরিই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
বৈঠকে অংশ নেওয়া সোনালী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করবে। এরপর ব্যাংকগুলো প্রকল্পের আওতায় ঋণ বিতরণ শুরু করতে পারবে।
প্রজ্ঞাপনে ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কীভাবে ঋণ পাবেন—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











