নিজস্ব প্রতিবেদক :
অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের। এর আগে খবরবাংলায় ৩০ জুলাই “টাঙ্গাইলে নিজ দপ্তরেই মদের টাকা লেনদেন অতিরিক্ত জেলা প্রশাসকের” ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
সেই টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তকে (১৭৫৪৪) বদলি করা হয়েছে। তাকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক থেকে (সার্বিক) ঢাকার মিরপুর জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। একই সাথে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিক এক পত্রে শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহাকারী সচিব মো: আরিফুল ইসলাম প্রিন্সকে (১৮০৬১) টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত’র মাদকের টাকা লেনদেন নিয়ে খবরবাংলা২৪.কম সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ হতে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সফর উপলক্ষে বিভিন্ন সংস্কার কাজের নামে ব্যাপক আর্থিক দুর্নীতি, নতুন কুঁড়ি প্রতিযোগিতায় সরকারের বরাদ্দকৃত অর্থের খরচে অস্বচ্ছতা ও দুর্নীতি, পৌরসভায় বিভিন্ন দুর্নীতি, বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব থাকাকালীন তহবিল তসরুপের অভিযোগসহ আরো বহুবিধ অভিযোগ।











