বাসাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ২৭ দিন পর এক স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের প্রধান হোতা হিসেবে অভিযুক্ত কনটেন্ট নির্মাতা ইমন মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ভোরে দক্ষিণখান থানা পুলিশ কসাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। একই অভিযানে ইমন মিয়াকেও গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইমন মিয়া বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে। মামলার অন্য আসামিরা হলেন ইমনের বাবা ইদ্রিস আলী মিয়া, মা নাজমা বেগম ও বড় বোন ছাবিনা আক্তার। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মামলা ও ভুক্তভোগীর পরিবারের বরাতে জানা গেছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে ইমন ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ইমনের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে বাসাইল সাহাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে ইমন কয়েকজন সহযোগীকে নিয়ে ওই ছাত্রীকে একটি অজ্ঞাত গাড়িতে তুলে নিয়ে যান। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে বাসাইল থানা পুলিশকে অবহিত করা হয়।
পরে ১০ আগস্ট ইমন মিয়াকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করা হয়। এরপর পুলিশ ও র্যাব ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
একপর্যায়ে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি ইমন মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইমন একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। বাসুলিয়াসহ বিভিন্ন এলাকায় নারী ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত এবং মারামারির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি ইমন মিয়াকে গ্রেপ্তার করেছে। পরে তাদের বাসাইল থানায় আনা হয়।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।











