মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে সার পাচারের অভিযোগে ৩৯৫ বস্তা সারসহ মিঠু মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। পরে শনিবার দুপুরে গ্রেপ্তার মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মধুপুর থানা পুলিশ জানায়, আটক ট্রাকে ১২৭ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ২৬৮ বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সার ছিল। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা।
পুলিশের দাবি, ময়মনসিংহের মুক্তাগাছা থানার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পোড়াবাড়ী গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের সারগুলো কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
এ সময় পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, সার পাচারের ঘটনায় মো. রুবেল মিয়া, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী এলাকার মো. আবু ইসহাকের ছেলে মো. আসাদুজ্জামান এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আসাদুজ্জামান মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমলচন্দ্র পাইন বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।
মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সার ও সার পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। গ্রেপ্তার মিঠু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











