নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাস ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল-আরিচা সড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন। সঞ্চালনা করেন সদস্য সচিব নজরুল ইসলাম।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।











