মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
শরতের আগমনী বার্তা নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সবুজ প্রাঙ্গণে ফুটে উঠেছে শুভ্র সাদা কাশফুল। নীল আকাশের নিচে বাতাসের দোলায় নাচতে থাকা এই ধবধবে সাদা কাশের রাজ্য পুরো ক্যাম্পাসজুড়ে এক অপূর্ব নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করেছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিদিন টাঙ্গাইল শহরসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী।
ক্যাম্পাসের জননেতা আব্দুল মান্নান হলের খেলার মাঠ, শহীদ আবরার ফাহাদ হলের পেছনের ফাঁকা জায়গা এবং সেন্ট্রাল মাঠে এখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। বিকেলের নরম রোদে যখন বাতাসের তোড়ে কাশের ডগাগুলো হেলেদুলে ওঠে, তখন পুরো মাঠ যেন সাদা মেঘের চাদরে ঢেকে যায়। এই অপূর্ব রূপ দেখতে তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সের মানুষ প্রিয়জন ও পরিবার-পরিজন নিয়ে প্রতিদিন ভিড় জমাচ্ছেন।
ক্যাম্পাসের এই রঙিন ও মনোমুগ্ধকর পরিবেশকে ফ্রেমবন্দি করতে ছবি ও রিলস তোলার ধুম পড়ে যায় দর্শনার্থীদের মাঝে। অনেকেই ভালোবাসার স্মৃতিগুলোকে মোবাইল বা ক্যামেরায় ধরে রাখতে মেতে ওঠেন আড্ডায় ও ফটোসেশনে।
দর্শনার্থীদের সমাগমে প্রতি বিকেলেই মাভাবিপ্রবি প্রাঙ্গণ রূপ নেয় টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় আড্ডা ও বিনোদনের জায়গায়। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির সতেজ ছোঁয়া পেতে মানুষ যেমন এখানে ছুটে আসছেন, তেমনি ক্যাম্পাসের চারপাশের খাবারের দোকান ও চায়ের আড্ডাগুলোতেও তৈরি হচ্ছে এক প্রাণবন্ত পরিবেশ।
প্রকৃতির এই শুভ্র সৌন্দর্য যেমন বিশ্ববিদ্যালয়ের রূপকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে, তেমনি মাভাবিপ্রবিকে বানিয়ে তুলেছে এক খণ্ড প্রাকৃতিক স্বর্গ—যেখানে শরতের হাওয়া আর কাশফুলের ছোঁয়ায় থমকে দাঁড়ায় প্রতিদিনের নাগরিক ব্যস্ততা।










