খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সম্পর্কে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে। আলোচনার মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে সফরের তারিখ নির্ধারণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক।’
হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। এরপর সফরের তারিখ নির্ধারণ করা যেতে পারে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সফর নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি এগিয়ে নিচ্ছে।
এর আগে জুলাইয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বাংলাদেশ-ভারত সম্পর্কের কিছু অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। একই সময় ভারতীয় হাইকমিশনারও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক আগ্রহের কথা জানিয়েছিলেন।
অন্যদিকে, আগস্টে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল।
মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত ভারত সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। দুই দেশের আলোচনার অগ্রগতি ও সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়ার ওপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











