খবরবাংলা ডেস্ক :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে ওই বছরের ১০ সেপ্টেম্বর তার বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।
মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আল আমিনকে গুম ও হত্যার মামলার পাশাপাশি নাঈমুজ্জামানের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।
নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটি সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত।
তথ্য সূত্র : যমুনা টিভি











