মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় রাকিবুল হাসান (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আ. ন. ম. ইলিয়াস এ রায় ঘোষণা করেন।
রায়ে রাকিবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া আইনের অন্য একটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে।
সাজাপ্রাপ্ত রাকিবুল হাসান মির্জাপুর উপজেলার তেলিনা উত্তরপাড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমারাও খান দিপু জানান, বিয়ের পর থেকেই স্ত্রী কনা আক্তার ইতির কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন রাকিবুল। এ নিয়ে স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো বলে মামলায় অভিযোগ করা হয়।
একপর্যায়ে বাধ্য হয়ে কনা আক্তার ১৮ মাস বয়সী ছেলে মোহাম্মদকে নিয়ে বাবার বাড়ি মির্জাপুরের আজগানা গ্রামে চলে যান।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২২ ডিসেম্বর বিকেলে রাকিবুল শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী ও শিশুসন্তানের শরীরে বার্নিশ ও তারপিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় কনা আক্তারের মুখমণ্ডল, বুক, পিঠ ও হাত এবং শিশুটির কপাল ও পা মারাত্মকভাবে ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রায়ে আদালত আরও নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থ ভুক্তভোগী স্ত্রী কনা আক্তার ইতি ও তার সন্তানের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।











