খবরবাংলা ডেস্ক :
দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে শিক্ষক প্রশিক্ষণব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রশিক্ষণের মেয়াদ আড়াই থেকে তিন বছর পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) বার্ষিক প্রশিক্ষণ সক্ষমতা বর্তমানের প্রায় ৭ হাজার থেকে বাড়িয়ে ৪২ হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষকদের আধুনিক শিখনপদ্ধতিতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণব্যবস্থার নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।
প্রশিক্ষণে আসছে নতুন কাঠামো প্রতিমন্ত্রী জানান, নতুন পরিকল্পনায় শিক্ষকরা প্রথমে পিটিআইতে দুই মাস সরাসরি প্রশিক্ষণ নেবেন। এরপর শ্রেণিকক্ষে ফিরে পাঠদানের পাশাপাশি নির্ধারিত সিলেবাস ও মডিউল অনুযায়ী অনলাইন ও অফলাইনে বাকি প্রশিক্ষণ সম্পন্ন করবেন।
বর্তমানে এক বছর মেয়াদি প্রশিক্ষণের জন্য নতুন মডিউল তৈরির কাজ চূড়ান্ত করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ব্যাচগুলো এ মডিউল অনুযায়ী প্রশিক্ষণ পাবে। তবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণব্যবস্থাকে আড়াই থেকে তিন বছরে উন্নীত করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, কোনো শিক্ষককে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া স্থায়ীভাবে শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্বে রাখার বিষয়ে সরকার নীতিগত পরিবর্তন আনতে চায়।
পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ছয় গুণ বর্তমানে দেশের পিটিআইগুলোতে বছরে প্রায় ৭ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে। এ সক্ষমতা বাড়িয়ে ৪২ হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ক্ষেত্রে পিটিআইয়ের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও মানসম্মত প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পুষ্টি নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। বাকি উপজেলাগুলোতেও কর্মসূচি চালুর জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ চলছে।
সরকারের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষার্থীর জন্য পুষ্টিকর দুপুরের খাবারের ব্যবস্থা নিশ্চিত করা।
‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ শিক্ষকদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও ‘স্মার্ট ক্লাসরুম’ উদ্যোগ নেওয়া হচ্ছে। ববি হাজ্জাজ বলেন, এটি শুধু শিক্ষকদের হাতে ট্যাব তুলে দেওয়ার প্রকল্প নয়; বরং শ্রেণিকক্ষে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ।
এ লক্ষ্যে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দুর্গম এলাকার যেসব প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই, সেগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধান শিক্ষক পদে পদোন্নতি, এরপর নিয়োগ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩৬ হাজার ৯৬০টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালতের রায়ের চূড়ান্ত সার্টিফায়েড কপি পাওয়ার পর পদোন্নতির কার্যক্রম দ্রুত শুরু করা হবে।
এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রধান শিক্ষক পদে পদোন্নতি সম্পন্ন হলে সহকারী শিক্ষক নিয়োগের পথ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।
আনন্দদায়ক শিক্ষা ও দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা শিক্ষার্থীদের ওপর থেকে অতিরিক্ত বইয়ের চাপ কমিয়ে আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। গল্পের মাধ্যমে শেখানো এবং গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের মতো কার্যক্রম পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া হাওর, চর ও দুর্গম পার্বত্য অঞ্চলে কর্মরত প্রাথমিক শিক্ষকদের উৎসাহিত করতে বিশেষ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কমাতে প্রয়োজনে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টিও সরকারের নীতিগত ভাবনায় রয়েছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, পুষ্টি কর্মসূচি এবং নিয়োগ-পদোন্নতি ব্যবস্থায় সমন্বিত পরিবর্তনের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়েই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











