খবরবাংলা ডেস্ক
রাজধানী ঢাকার আকাশে সকাল থেকেই মেঘের আনাগোনা। দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ আরও কয়েক ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫১ শতাংশ।











