খবরবাংলা ডেস্ক
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখনীর প্রশংসায় মেতেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। সম্প্রতি হুমায়ূন আহমেদের ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়া শেষ করেছেন তিনি। উপন্যাসটি পড়ে লেখকের গল্প বলার ধরন, রসবোধ এবং বিজ্ঞান-কল্পবিজ্ঞানের মেলবন্ধনে মুগ্ধতার কথা জানিয়েছেন এই গায়ক। রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনুপম রায় লেখেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম নলিনী বাবু বিএসসি। আরও একটা আশ্চর্য গল্প!’
প্রয়াত এই কথাসাহিত্যিকের লেখার সঙ্গে নিজের গভীর আত্মিক সংযোগের কথাও তুলে ধরেন অনুপম। তিনি লেখেন, হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করেন তিনি। পৃথিবীকে দেখার লেখকের দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ এবং বিজ্ঞান-কল্পবিজ্ঞানের সহজ মেলবন্ধন তাকে বারবার মুগ্ধ করে।
হুমায়ূন আহমেদের সাহিত্যশৈলীর প্রশংসা করে অনুপম আরও লেখেন, গল্পটি একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদের লেখা পড়লে বাংলা ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়।
বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ উপন্যাস, ছোটগল্পের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিন শতাধিক প্রকাশিত বইয়ের এই লেখকের রচনায় নির্মিত হয়েছে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘কোথাও কেউ নেই’-এর মতো জনপ্রিয় টেলিভিশন নাটক।
বড়পর্দায়ও তিনি উপহার দিয়েছেন ‘আগুনের পরশমনি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’-এর মতো সিনেমা। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি সাহিত্যিক।
অন্যদিকে, অনুপম রায় সংগীতশিল্পীর পাশাপাশি একজন গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত। ২০১০ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘অটোগ্রাফ’ সিনেমার মাধ্যমে সংগীতজগতে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। ছবিটিতে তার গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতি পান অনুপম রায়।










