খবরবাংলা ডেস্ক :
সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে তারা বিচ্ছিন্নভাবে বসবাসকারীদের মতো অবস্থান করছে।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তবে অনেকের কণ্ঠরোধ করার চেষ্টা হলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা বয়ানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবিরের প্রকৃত চরিত্র সম্পর্কে সচেতন মানুষের ধারণা স্পষ্ট হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটির আমির থেকে শুরু করে কর্মীদের আচরণে একই ধরনের প্রবণতা দেখা যায়। তারা যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে সম্মিলিতভাবে সাইবার আক্রমণের মাধ্যমে সমালোচকদের থামানোর চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে দলটির নেতাকর্মীদের অবস্থান নেওয়ার অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবিরের বিভিন্ন বক্তব্য ও বয়ানের সমালোচনা করার পর দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসায় দলটির নেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এসব কারণেই তাঁরা তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।
বিরোধী দলে যাওয়ার পর থেকে জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, একটা সময় আসবে, যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।
তথ্য সূত্র : যমুনা টিভি











