খবরবাংলা ডেস্ক :
নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে ভারতীয় বিমানবাহিনীর অত্যন্ত গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে এক ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দিল্লি পুলিশের দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধসংক্রান্ত গোপন পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন।
পুলিশের দাবি, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন অভিযুক্ত কর্মকর্তা। এ সময় তিনি ভারতের সামরিক বাহিনীর বিভিন্ন গোপন তথ্য পাচার করেন। এসব তথ্য ফাঁসের ঘটনা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে পুলিশ।
যেসব সামরিক তথ্য ফাঁসের অভিযোগ
দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের বিস্তারিত তথ্য ফাঁস করেছেন। এর মধ্যে ছিল ইউনিটটির সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো এবং পরিচালন পদ্ধতি।
এ ছাড়া ড্রোনের পরীক্ষা, সক্ষমতা, একটানা উড্ডয়নের সময় এবং লক্ষ্যবস্তুতে অস্ত্র নিক্ষেপের পদ্ধতি সম্পর্কেও সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। যুদ্ধের সময় ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে সম্পর্কেও তথ্য ফাঁস করেছিলেন বলে দাবি পুলিশের।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরাতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার তথ্যও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।
এ ছাড়া ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এবং যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা সম্পর্কেও গোপন তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
অধস্তন পাঁচ কর্মকর্তার ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টলের অভিযোগ
এই ঘটনায় সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগও সামনে এসেছে। দিল্লি পুলিশের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি অভিযুক্ত কর্মকর্তাকে বিভিন্ন অ্যাপ ও ওয়েব লিংক পাঠিয়েছিলেন। এসবের মধ্যে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তা তাঁর অধীনে কর্মরত পাঁচজন কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে এসব ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছিলেন। এর মাধ্যমে তাঁদের ডিভাইসে সংরক্ষিত সংবেদনশীল তথ্য সংগ্রহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ওপর নজরদারির চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
হোয়াটসঅ্যাপে হাজারো বার্তা আদান-প্রদান
দিল্লি পুলিশের অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তির মধ্যে যোগাযোগের ডিজিটাল তথ্যও তুলে ধরা হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তার হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণ করে তাঁদের মধ্যে ৩ হাজার ৮টি খুদে বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।
এসব ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কতটা সামরিক গোপন তথ্য পাচার করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











