খবরবাংলা ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রেডিওতে ক্রিকেটবিষয়ক সংবাদ ও অনুষ্ঠান প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। নতুন এই নির্দেশনায় ক্রিকেটের ধারাভাষ্য, খেলার খবর এমনকি ম্যাচের ফলাফল নিয়েও কোনো প্রতিবেদন প্রচার করতে পারবে না স্থানীয় রেডিও স্টেশনগুলো।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ স্থানীয় রেডিও স্টেশনগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
নিষেধাজ্ঞা অনুযায়ী, রেডিওতে ক্রিকেটসংক্রান্ত কোনো সংবাদ, আলোচনা কিংবা অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। এমনকি কোনো ম্যাচে জয়-পরাজয়ের খবর বা ধারাভাষ্যও প্রচারের অনুমতি থাকবে না। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কোনো মন্তব্য করেনি।
এর আগেও আফগানিস্তানে বিভিন্ন খেলাধুলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। মিক্সড মার্শাল আর্টসসহ বেশ কিছু খেলায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে পুরুষদের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, তালেবান সরকারের বিধিনিষেধের কারণে দেশটিতে নারীদের সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে পুরুষদের ক্রিকেট চালু থাকলেও কান্দাহারে রেডিওতে ক্রিকেটবিষয়ক সংবাদ ও অনুষ্ঠান প্রচারে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











