খবরবাংলা ডেস্ক :
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে গতকাল শ্রমভবনে মজুরি বোর্ডের সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষ দ্রুততম সময়ের মধ্যে সভাটি আয়োজনের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। নতুন মজুরি কার্যকর হয় একই বছরের ডিসেম্বর থেকে। সে অনুযায়ী বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে।
২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।
এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব এবং বোর্ডের আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশ্রমিকরা।
তথ্য সূত্র : যমুনা টিভি











