খবরবাংলা ডেস্ক :
আগামী এক মাসের মধ্যে দেশে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থা চালু হলে বৈদেশিক মুদ্রার ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে ডলারের দামসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করতে পারবেন।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।
গভর্নর বলেন, “বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।”
সভায় গত এক দশকে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে মুদ্রার অবমূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। তাঁর বক্তব্য অনুযায়ী, দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হলেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার অবমূল্যায়ন বেশি হয়েছে।
বিনিময় হারের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৬৭ দশমিক ২০। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৩ রুপিতে। অর্থাৎ এ সময়ে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে। এতে টাকার অবমূল্যায়নের হার দাঁড়িয়েছে প্রায় ৬০ শতাংশ।
অথচ ২০১৬ থেকে ২০২৬ সময়ে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ছিল ৭২ দশমিক ১ শতাংশ।
গভর্নর আরও প্রশ্ন তোলেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হওয়া এবং ৫১টি ব্যাংকের চাহিদার তুলনায় অতিরিক্ত বৈদেশিক মুদ্রা মজুত (লং পজিশন) থাকা সত্ত্বেও বিনিময় হার কেন ক্রমাগত বেড়েছে।
বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রচলিত প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার সমন্বয় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন গভর্নর। এ ক্ষেত্রে উৎপাদন, সরবরাহ ও বিতরণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
মো. মোস্তাকুর রহমান বলেন, কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রম বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন স্কিম ও প্রণোদনার মাধ্যমে অগ্রাধিকার দিচ্ছে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











