বিশেষ প্রতিবেদক :
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি’র নামে অতিরিক্ত এক হাজার ২০০ টাকা করে আদায় করছেন। এ বিষয়ে কয়েক জন শিক্ষার্থী সোমবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছেন। পরে আবেদনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ডেকে নিয়ে শাসানোর অভিযোগ রয়েছে। ইতিপূর্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিউজ করলে তৎকালীন আওয়ামী লীগের এমপি ছানোয়ার হোসেনের নামে দেখে নেয়ার হুমকি দিতেন সাংবাদিকদের।
জানা যায়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে দুই হাজার ৪৩৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য দুই হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছে। সেখানে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ে কোচিং বাধ্যতামূলক করছেন। তারা কোচিং করবে না, তাদের ফরম ফিলাপ করতে দেয়া হবে না। সেই কোচিং এর জন্য বাধ্যতা মূলকভাবে এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনেক শিক্ষার্থীর সামর্থ না থাকায় কোচিং এর ফি দিতে পারবে না বলে শিক্ষার্থীরা আবেদন পত্রে উল্লেখ করেন।
নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন শিক্ষার্থী বলেন, প্রতি বছর ফরম ফিলাপের সময় আমাদের স্কুল থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এ বিষয়ে কোন সুরাহা হয়নি। তাই এ বছর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলে, সেই আবেদনের রিসিপ কপি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে নেয়। এছাড়াও কড়া ভাষা ব্যবহার করেন। শিক্ষকরা ঠিক মতো পড়ায় না, অথচ ফেল করলে আমাদের দোষ। শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ না করার মতো শাস্তি পেলেও যারা দায়িত্বে অবহেলা করেন, সেই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না।
আব্দুল হালিম নামের এক অভিভাবক বলেন, আমাদের সময় শিক্ষা ও খেলাধূলার কারনে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের সুনাম ও ঐতিহ্য ছিলো। বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, তাদের কারনে শিক্ষার মানও ভালো না। ফলে সেই ঐতিহ্যও ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলাফলের খারাপের কারনে বর্তমান সরকারের বদনাম হচ্ছে।
মোকিম মিয়া নামের এক অভিভাবক বলেন, আমার ছোট ভাই ধরেরবাড়ী স্কুলে পড়ে। সেখানে অতিরিক্ত ফি আদায়ের কথা শুনেছি। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকে এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে না।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, টেস্ট পরীক্ষায় ১০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩ জন ফেল করেছে। যারা লিখিত আবেদন দিয়েছিলো, তাদের ও তাদের অভিভাবকদের ডেকে বসা হয়েছে। কোচিং এর জন্য অতিরিক্ত এক হাজার ২০০ টাকা নেয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু সাঈদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মধুপুর উপজেলায় আছেন বলেন জানান।










