খবরবাংলা ডেস্ক :
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এ তথ্য জানায়।
গ্রেপ্তার সুমাইয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ফ্ল্যাটটি তল্লাশি করে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়।
জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপকমিশনার অশোক কুমার পাল পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











