খবরবাংলা ডেস্ক :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানির বিকল্প উৎস বাড়াতে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জিটুজি) বাণিজ্যের নতুন কাঠামো তৈরি করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, আলু, তিল, চা, আনারস, কাঁঠাল, খেজুর, সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণ কেনাবেচার সুযোগ তৈরি হবে। ভোজ্যতেলের সম্ভাব্য তালিকায় রয়েছে সয়াবিন, ক্যানোলা, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিন।
তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের অর্থ এই নয় যে, এসব পণ্যের আমদানি এখনই শুরু হচ্ছে। কোন পণ্য কত পরিমাণে, কী দামে এবং কখন সরবরাহ করা হবে, তা পণ্যভিত্তিক পৃথক চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হবে। ফলে নতুন উদ্যোগে আমদানির সুযোগ তৈরি হলেও বাজারে পণ্যের দাম কমবে কি না, তা নির্ভর করবে প্রকৃত ক্রয়, সরবরাহ এবং আমদানি ব্যয়ের ওপর।
বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এ সমঝোতার ফলে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি বাণিজ্যের সুযোগ বাড়বে। পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি ও আর্থিক বিষয় নিয়ে দুই প্রতিষ্ঠান সরাসরি আলোচনা করে লেনদেনের শর্ত চূড়ান্ত করতে পারবে। চুক্তি বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশের চাহিদা অনুযায়ী কৃষিপণ্য সরবরাহে প্রস্তুত রয়েছে পাকিস্তান। দেশটিতে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বেড়েছে বলেও জানান তিনি।
হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ থেকে আমদানিকৃত হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানিতে শুল্কমুক্ত কোটা বহাল রয়েছে। গত অক্টোবরে ঢাকা থেকে পাঠানো বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও জানান তিনি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, সমঝোতাকে বাস্তব বাণিজ্যে রূপ দিতে হবে। পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে সরবরাহের জন্য দুই প্রতিষ্ঠান কাজ করবে।
টিসিবির চলতি অর্থবছরের ক্রয় পরিকল্পনার কারণে নতুন সমঝোতাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের অর্ধেক স্থানীয় বাজার থেকে এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের কথা রয়েছে। তবে বিশ্ববাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে কেনাকাটার পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে।
সাধারণত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পণ্য সংগ্রহ করে টিসিবি। তবে প্রয়োজন ও সরকারি ক্রয়বিধি অনুযায়ী সরাসরি কেনার সুযোগও রয়েছে। পাকিস্তানের সঙ্গে নতুন সমঝোতা স্মারক দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরাসরি সরকারি বাণিজ্যের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











