খবরবাংলা ডেস্ক :
গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধারের লক্ষ্যে ১৯ জুলাই শুরু হওয়া শহীদদের মরদেহ উদ্ধার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এসব উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকারী দলগুলোর কাছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের ঘাটতি থাকলেও অভিযান চালিয়ে গাজা শহরের জেইতুন ও ইয়ারমুক এলাকার হাজ্জি ও আল-নাদিম পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ১৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ওয়ার পরিবারের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারের কাজ ধীরগতিতে চলছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি চুক্তিতে ধ্বংসস্তূপ সরানো এবং হতাহতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি গাজায় প্রবেশের সুযোগ রাখার কথা বলা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











