খবরবাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নেমেছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে ম্যাচের শেষ বাঁশির পর মাঠে ঘটে যায় এক নাটকীয় ঘটনা, যা শিরোপা উৎসবের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ফাইনাল শেষে স্পেনের মিডফিল্ডার গাভি এবং আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সাইডবেঞ্চের সদস্যরা মাঠে নেমে আসেন, সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর গাভি পারেদেসের কাছে গিয়ে কিছু মন্তব্য করেন। যদিও তিনি ঠিক কী বলেছেন, তা এখনো প্রকাশ হয়নি। তবে সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পারেদেস গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে দাবি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজেই মাঠে নেমে পারেদেসকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপরও কিছু সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে।
ঘটনার পর ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে রেফারি লিয়ান্দ্রো পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপের ফাইনাল শেষে এমন লাল কার্ডের ঘটনা খুবই বিরল।
গাভি ঠিক কী মন্তব্য করেছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে নানা জল্পনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পেন বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











