টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই দিতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।”
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সদরকে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিতে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়নের সূচকে টাঙ্গাইল সদরকে শীর্ষ অবস্থানে দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।
মাদক বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীলদের সচেতনতামূলক কার্যক্রম এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।
অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩১টি প্রতিষ্ঠানের মাঝে ২৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।











