টাঙ্গাইল সদর সংবাদ দাতা
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগে টাঙ্গাইলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৬৮ জন। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, শতভাগ স্বচ্ছতা ও প্রভাবমুক্ত পরিবেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। নতুন সদস্যরা সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নির্বাচিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দ ও অশ্রুভেজা অনুভূতিতে তারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।











