বাসাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ‘অর্জন ও অনুপ্রেরণার শতবর্ষ’ প্রতিপাদ্যে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অতিথিদের বক্তব্য, ক্রেস্ট বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমএ মজিদ এফআরসিএস। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। সভাপতিত্ব করেন শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মো. মেহেদী আলী খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
১৯২৬ সালে প্রতিষ্ঠিত কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ পথচলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শতবর্ষ উদযাপনের এ আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর একত্রিত হওয়ার সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রাক্তন শিক্ষার্থীরা।











