খবরবাংলা ডেস্ক :
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন নতুন ভাবনা নিয়ে অবদান রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










