খবরবাংলা ডেস্ক :
গণতন্ত্রে বহুমত থাকবে, থাকবে মতপার্থক্যও। ভিন্নমতের সহাবস্থানই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে কখনো কখনো দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠতে হয়। দলীয় স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে হয়। এ প্রসঙ্গেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বক্তব্য স্মরণ করা যায়—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’
দেশের বৃহত্তর স্বার্থে দলীয় অবস্থান থেকে ছাড় দেওয়ার যে রাজনৈতিক দর্শন শহীদ জিয়াউর রহমানের বক্তব্যে উঠে এসেছিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই নীতির প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।
দেশে যখন রাজনৈতিক অস্থিরতা, নৈরাজ্য ও নাশকতার আশঙ্কা নিয়ে আলোচনা চলছে, তখন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু আহ্বান জানানোতেই সীমাবদ্ধ না থেকে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন তিনি।
গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ে গত ২৩ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। প্রায় ৩৫ মিনিটের আলোচনা শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন দুই পক্ষের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
বৈঠকে জাতীয় ঐক্যের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বসহ বিভিন্ন বিষয় তুলে ধরে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়া নিয়ে আপসকামিতা এবং কূটনৈতিক অবস্থানসহ বিভিন্ন বিষয়ে দলটির উদ্বেগ রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার বিষয়েও তারা গুরুত্ব দিয়েছে।
এনসিপির পর জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি আলোচনায় এসেছে। দলটির আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁর বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও মালয়েশিয়া সফর বাতিল করে বুধবারই দেশে ফেরেন তিনি।
জামায়াতের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগে অংশ নিতে আগ্রহী দলটি। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একসঙ্গে আলোচনায় বসতে চায় তারা। এ ছাড়া সংলাপে এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকেও অন্তর্ভুক্ত করার পক্ষে দলটি।
জামায়াতের পক্ষ থেকে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো আলোচনায় তোলার আগ্রহ রয়েছে বলে জানা গেছে। এসব বিষয় নিয়ে দলটি সংসদ ও রাজপথে নিজেদের অবস্থান তুলে ধরছে।
তবে জাতীয় ঐক্যের প্রশ্নে সংলাপের মূল লক্ষ্য কী হবে, তা নিয়েও আলোচনা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নিজস্ব দাবি, সংস্কার প্রস্তাব ও মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তার মতো জরুরি বিষয়ে আলোচনার ক্ষেত্রটি যেন দলীয় এজেন্ডার কারণে বাধাগ্রস্ত না হয়, সেটিও গুরুত্বপূর্ণ।
উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার নজির রয়েছে। যুক্তরাজ্যে লেবার ও কনজারভেটিভ পার্টির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় নিরাপত্তা ও অভিবাসনের মতো বিষয়ে বিভিন্ন সময়ে দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রেও অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার মতো প্রশ্নে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে।
এসব উদাহরণ থেকে বোঝা যায়, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও জাতীয় স্বার্থের প্রশ্নে আলোচনার দরজা খোলা রাখা জরুরি। সরকার ও বিরোধী দল একে অপরের সব অবস্থানের সঙ্গে একমত হবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বরং মতপার্থক্য বজায় রেখেই যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য সম্ভব, সেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করাই গণতান্ত্রিক চর্চার অংশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের উদ্যোগকে সেই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও বিস্তৃত হতে পারে। তবে এই উদ্যোগ সফল করতে সরকার ও বিরোধী—উভয় পক্ষের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
গণভোট, জুলাই সনদ কিংবা সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে। এসব বিষয়ে সংসদে আলোচনা, যুক্তিতর্ক ও মতবিনিময়ের সুযোগ রয়েছে। জনগণও আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অবস্থান মূল্যায়ন করার সুযোগ পাবেন।
কিন্তু দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি। জাতীয় ঐক্যের আলোচনাকে দলীয় দাবি আদায়ের একমাত্র মঞ্চ হিসেবে না দেখে দেশের সংকট মোকাবিলার একটি যৌথ উদ্যোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
বাংলাদেশে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সরকার যেমন উদ্যোগী ভূমিকা নিতে পারে, তেমনি বিরোধী দলগুলোরও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতাও চলবে; কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আলোচনার পথ বন্ধ হওয়া উচিত নয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











