নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর পক্ষ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতি, নাগরপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সংসদ সদস্যের সহধর্মিণী মনোয়ারা মুকুল, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হাসানসহ অনেকে।
আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে একুশের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।











