ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলম আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আকন্দ পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাজার থেকে মোটরসাইকেলে করে সুরুজ আকন্দ ও চালক আলম নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আকন্দ মারা যান।
আহত আলমকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










