খবরবাংলা ডেস্ক :
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য ভারতকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অ্যানথনি আলবানিজের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করবে ভারত।
ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম মজুতধারী দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘদিনের আলোচনার পর এ অগ্রগতি এসেছে।
২০১৪ সালে দুই দেশ বেসামরিক পারমাণবিক সহযোগিতায় নীতিগতভাবে একমত হলেও ইউরেনিয়ামের অপব্যবহারের আশঙ্কায় সরবরাহ শুরু হয়নি। নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সেই জটিলতা দূর হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ বলেন, ২০১৪ সালের চুক্তির আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে ভারতকে ইউরেনিয়াম রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











