ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে বালু ঘাটটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার চিতুলিয়াপাড়া এলাকায় বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই বালু ঘাটে অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশে বালু মজুদ ও পরিবহনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শব্দদূষণ, ধুলাবালি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিল। ক্লাস চলাকালীন ট্রাক ও বালু পরিবহনের শব্দে পাঠদান ব্যাহত হতো। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলেও প্রভাবশালীদের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু ব্যবসার দায়ে আব্দুল আলীম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং বালু ঘাটটি বন্ধ ঘোষণা করা হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, জনস্বার্থ এবং শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











