খবর বাংলা ডেস্ক :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির সরঞ্জামসহ মাহবুবুর রহমান দিপু (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক দিপু উত্তর রেহাইসুরিবেড় গ্রামের বাসিন্দা এবং নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
কাজিপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় একটি চাইনিজ কুড়াল ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওয়ার্কশপে লেদ মেশিন ব্যবহার করে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির কাজ চলছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











