খবর বাংলা ডেস্ক :
দেশের সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান, সন্ত্রাস, মাদক ও মানব পাচার রোধে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের প্রায় ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তজুড়ে আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে দিন-রাত দায়িত্ব পালন করছে বাহিনীটি।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি রাডার, থার্মাল ক্যামেরা, হাই-স্পিড বোটসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। একই সঙ্গে সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোতে পর্যবেক্ষণ চৌকি স্থাপন এবং স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, অপরাধ দমন, আটক কার্যক্রম এবং সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল, অভিযান ও পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করা বিজিবির দায়িত্ব। পাশাপাশি অবৈধ স্থাপনা প্রতিরোধ, সীমান্ত পিলার সংরক্ষণ এবং দখলদারিত্ব ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
শুধু সীমান্ত নয়, বিশেষ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছে বিজিবি সদস্যরা।
বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত অপরাধের সঙ্গে জড়িত সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ মাসে দেশজুড়ে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৫৩৪ কোটি ৮৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে মূল্যবান ধাতু, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন অবৈধ মালামাল রয়েছে।
একই সময়ে পৃথক অভিযানে প্রায় ৪০০ কোটি টাকার মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি, যা সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে বাহিনীর সক্রিয়তার বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার, জনবল বৃদ্ধি, নতুন ব্যাটালিয়ন গঠন এবং সীমান্ত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তোলার কাজ চলমান রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











