খবরবাংলা ডেস্ক :
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬০ জন। ফলে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৭৪২ জন।
মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে ২০২৬ সালের জাতীয় হাম প্রাদুর্ভাবের তথ্য নিয়মিত সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











