খবরবাংলা ডেস্ক :
আজ (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামীকাল (রোববার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল বিশ্বব্যাপী জনসংখ্যা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি পালিত হয়।
এরপর থেকে প্রতি বছর ১১ জুলাই বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











