খবরবাংলা ডেস্ক :
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও ভোটার সেবা আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষমতা আবারও মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, এসএসসি, জেএসসি বা পিএসসির মতো পাবলিক পরীক্ষার সনদসহ নির্ধারিত প্রমাণপত্রের ভিত্তিতে উপজেলা, জেলা এবং মহানগর এলাকায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ১২তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকায় ছুটতে হবে না ২০২৩ সালের ডিসেম্বরে ডেটাবেজ নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধের যুক্তিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায় থেকে প্রত্যাহার করে ইসির প্রধান কার্যালয়ে কেন্দ্রীভূত করা হয়েছিল। ফলে নাগরিকদের আবেদন নিষ্পত্তির জন্য ঢাকায় আসতে হতো এবং অনেক ক্ষেত্রে মাসের পর মাস ফাইল ঝুলে থাকায় ভোগান্তি বাড়ে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই জটিলতা কমবে এবং স্থানীয় পর্যায়েই অধিকাংশ আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।
অনলাইনেই ভোটার এলাকা পরিবর্তন ইসি আরও সিদ্ধান্ত নিয়েছে, ভোটার এলাকা পরিবর্তন বা এনআইডি স্থানান্তরের আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে নাগরিকরা অফিসে না গিয়েই এই সেবা নিতে পারবেন।
এনআইডি সংশোধনের প্রথম আবেদনের জন্য ভ্যাটসহ ১১৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রবাসীদের জন্য সহজ হচ্ছে নিবন্ধন প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আগে আবেদন ও বায়োমেট্রিক দেওয়ার পর দেশে দুই ধাপে যাচাই-বাছাই করা হতো। এখন থেকে আবেদন ও বায়োমেট্রিক তথ্য অনলাইনে আপলোড হওয়ার পর এক ধাপেই যাচাই সম্পন্ন করে এনআইডি অনুমোদনের ব্যবস্থা করা হবে।
এর ফলে সময় কমবে এবং প্রবাসীদের হয়রানিও কমবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
কমতে পারে তথ্য সংগ্রহের বয়সসীমা বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করে ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হন।
ইসি এখন এই বয়সসীমা আরও কমিয়ে এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি বয়স থেকেই তথ্য সংগ্রহ করা যায় কি না, সে বিষয়েও পর্যালোচনা করছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি সংশোধনে জনগণের ভোগান্তি কমাতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা আবারও মাঠ পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে স্থানীয় নির্বাচন কর্মকর্তারাই প্রয়োজনীয় সনদের ভিত্তিতে আবেদন নিষ্পত্তি করতে পারবেন।











