টাঙ্গাইল সদর সংবাদ দাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুমন্ত এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আব্দুর রহমান (২০) কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার চারাবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (১৯ এপ্রিল) র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আব্দুর রহমান ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। গত বছরের ৯ ডিসেম্বর দুপুরে পরিবারের সদস্যরা কিশোরীকে বাড়িতে রেখে তার নানার বাড়িতে যান। পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে পরদিন রাতে আব্দুর রহমান ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে।
অভিযোগ অনুযায়ী, সে ঘুমন্ত অবস্থায় কিশোরীর হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি তার পরিবারকে জানায়।
পরে পরিবার সদস্যরা বাড়িতে ফিরে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে এনায়েতপুর থানা-এ একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইলের চারাবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে।











