খবরবাংলা
,
ডেস্ক
আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, “চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। এই ঘটনায় একটি প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে।” তিনি আরও বলেন, খেলাধুলাকে যদি খেলাধুলার জায়গায় রাখা যেত, তাহলে সেটিই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ক্ষেত্রে খেলার সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলা হয়েছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সাধারণত দুটি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও খেলাধুলার মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনা যায়। কিন্তু এখানে তার সম্পূর্ণ বিপরীতটি ঘটেছে।”
তিনি আরও বলেন, একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়ার ঘটনায় দেশের মানুষের মনে আঘাত লেগেছে। এর ফলে জনমনে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, “এমন পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় আইপিএল ও ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











