খবরবাংলা ডেস্ক :
জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো চেতনারই ব্যবসা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। তাই জুলাইয়ের চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। এই চেতনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। অভিযোগ করে তিনি বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।
সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











