নাগরপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার ও নির্ধারিত প্রস্থের চেয়ে রাস্তা কম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের পর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
নাগরপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে থ্রি ব্রাদার্স এন্টারপ্রাইজকে প্রায় ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে এজিংয়ের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সড়কের নির্ধারিত প্রস্থ ১০ ফুট হওয়ার কথা থাকলেও স্থানীয়ভাবে পরিমাপ করে কোথাও ৯ থেকে সাড়ে ৯ ফুট পাওয়া গেছে। এ ছাড়া সড়কের দুই পাশে প্রয়োজনীয় মাটি বা সোল্ডারও রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ও বাদল বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছিল। পাশাপাশি রাস্তার দুই পাশে পর্যাপ্ত মাটি নেই। নির্ধারিত প্রস্থের চেয়ে প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি কম করে কাজ করার অভিযোগে এলাকাবাসী মিলে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। সিডিউলে যে পরিমাণ ও মান নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী কাজ করার দাবি জানান তারা।
ঠিকাদার শাহআলম খান বাবুল অভিযোগের বিষয়ে বলেন, নিম্নমানের কিছু ইট আনা হয়েছিল। সেগুলো পরিবর্তন করে ভালো মানের ইট দিয়ে কাজ করা হবে। রাস্তার প্রস্থ কম হওয়ার বিষয়ে তিনি বলেন, মিস্ত্রিরা ভুল করে থাকলে তা সংশোধন করে দেওয়া হবে। নির্ধারিত মাপের চেয়ে রাস্তা কম হলে কর্তৃপক্ষ বিল দেবে না বলেও দাবি করেন তিনি।
নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব বলেন, নিম্নমানের ইট ব্যবহার ও রাস্তার প্রস্থ কম করার অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











