খবরবাংলা ডেস্ক :
কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা। রবিবার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন কার্যক্রমে আবারও কর্মচাঞ্চল্য দেখা গেছে। এর মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।
গত ৫ নভেম্বর থেকে পোশাকশ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ শুরু হয়েছে। রবিবার অধিকাংশ কারখানায় বেতন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে আশুলিয়ার দু-একটি কারখানায় সমস্যা দেখা দেওয়ায় সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।
তিনি আরও বলেন, রবিবার শিল্পাঞ্চলগুলোতে কোনো বিক্ষোভ, সংঘর্ষ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শ্রমিকদের কাজে ফেরার পাশাপাশি শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা না ঘটায় তৈরি পোশাক খাতে উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











