খবরবাংলা ডেস্ক :
আগামী চার বছরের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) থেকে দেশের ৭১১টি স্থানে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না
সমাজকল্যাণমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় বিবেচনা করা হবে না। সব ধর্মের দরিদ্র, অতিদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সদস্যরা এ কার্ড পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে বিএনপির কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততার সুযোগ রাখা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে স্থানীয় কমিটি এ কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই। পুরো কার্যক্রম অনলাইনের মাধ্যমে তদারকি করা হচ্ছে, যাতে তথ্য সংগ্রহ ও কার্ড বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে।
স্বাবলম্বী করাই সরকারের লক্ষ্য
ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উপকারভোগীরা এ কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সঞ্চয়ের কাজে ব্যয় করছেন।
তিনি জানান, সরকারের লক্ষ্য দীর্ঘদিন ধরে ভাতা দিয়ে মানুষকে নির্ভরশীল করে রাখা নয়; বরং আর্থিক সহায়তার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলা। এ জন্য ফ্যামিলি কার্ডের অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে এবং এর মাধ্যমে পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে পর্যায়ক্রমে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে ৩০ নভেম্বরের মধ্যে ৩ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











