খবর বাংলা ডেস্ক :
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলসের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ আগুন ধরে যায়।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন, ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
তবে অগ্নিকাণ্ডে বাসটির একটি অংশ পুড়ে গেছে। ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











