খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর পর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফোনে আমন্ত্রণ জানিয়েছে।
পূর্ণমন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিতে যাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, টেকনোক্র্যাট কোটায় খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদসহ আরও অনেকে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, টেকনোক্র্যাট কোটায় মো. আমিনুল হক, নুরুল হক নুরসহ আরও কয়েকজন।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানের আয়োজন উন্মুক্ত থাকবে এবং বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তথ্য সূত্র : প্রথম আলো











